আইনমন্ত্রী
হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিবেচনায় আসবে না ধর্ষণ মামলা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৫-২০২৬ ০৩:০৬:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৫-২০২৬ ০৩:০৭:২১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ মামলা বিবেচনায়ই আসবে না। এ সংক্রান্ত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এ কথা জানিয়েছেন।
আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সরকার যে কমিটি করেছে, সে কমিটির আজকে প্রথম মিটিং ছিল। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে, কোনো রেপ কেস (ধর্ষণ মামলা) বিবেচনায় আসবে না। কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিবেচনার বিষয়টি তালিকাতেই আসবে না। এটা আমাদের আজকের সিদ্ধান্ত।
পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিচারের দৃষ্টান্ত স্থাপন না করতে পারলে খারাপ বার্তা তৈরি হবে।
নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসাকে নিয়ে তিনি বলেন, ‘রামিসার ঘটনা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর দুঃখজনক ও ঘুণে ধরা সমাজের দৃষ্টান্ত।’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘মাগুরার আছিয়া, ঢাকার রামিসা- সবকিছুই আমাদের মানুষত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই আনচ্যালেঞ্জড হতে দেবো না। আছিয়ার মামলার এখনো ফাঁসি কার্যকর হয়নি। রামিসার বাবা অমূলক কিছু বলেননি। বিচার ব্যবস্থার মামলার জট নিরসনে পদক্ষেপ নেবো।’
তিনি বলেন, ‘আছিয়ার মামলায় ৭ দিনের মধ্যে চার্জশিট দিয়েছিলাম, ১ মাসে ট্রায়াল শেষ হয়েছিলো। মামলার গুরুত্ব অনুধাবন করে পেপার বুক করা উচিৎ। রামিসার ঘটনার বিচার আশাকরি দ্রুত হবে।’
বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য যা কিছু করা প্রয়োজন তা করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘পুলিশ কমিশনারকে তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে করতে বলেছি। বিচার প্রক্রিয়াকে অতিদ্রুত করতে পারলে রামিসার বাবার প্রশ্নের জবাব দিতে পারব। বিচার কার্যকর করা সুপ্রিম কোর্টের হাতে, বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারি না।’
তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশু রামিসা হত্যার বিচার হবে। রাজনৈতিক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ মামলা বিবেচনা করা হবে না বলেও উল্লেখ করেন তিনি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স