কলাপাড়ায় ভিজিএফ এর ২৬ বস্তা চাল উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৫-২০২৬ ০৩:৫৮:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৫-২০২৬ ০৩:৫৮:১১ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ির ইমরান হোসেনের বাসার বেডরুম থেকে ২৬ বস্তা সরকারি চাল ও ২৩টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের নেতৃত্বে উপজেলা প্রশাসন শুক্রবার দিবাগত মধ্যরাতে ওই চাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা চাল মৎস্য ভিজিএফএর বিতরণকৃত চাল বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বাড়িতে থাকা ব্যক্তি ইমরান এসময় সটকে পড়েন। তবে এ ঘটনায় আজ শনিবার কলাপাড়া থানায় ইমরানকে প্রধান আসামি করে একটি মামলা করা হচ্ছে। নীলগঞ্জ ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদ হাসান এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, পরিষদের দুই-তিনজন মেম্বারের যোগসাজশে ভুয়া ব্যক্তিকে চাল বিতরণের স্লিপ দিয়ে তাঁদের মাধ্যমে এ চাল সংগ্রহ করে ওই বাড়ির বেডরুমে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আরো খালি ২৩টি বস্তা পাওয়া গেছে। ওই চাল আগেই বিক্রি করা হয়েছে বলেও অনুমান করা গেছে।
এর একদিন আগে নীলগঞ্জ ইউনিয়নে জেলেদের মধ্যে বিশেষ ভিজিএফএর চাল বিতরণ করা হয়। ওই চাল চুরি করে পাচারের জন্য রাখা হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। চাল পায়নি এমন বহু প্রকৃত জেলের অভিযোগ তাঁদের চাল না দিয়ে চুরি করে এ চাল বিক্রির জন্য মজুদ করা হয়েছিল।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স