ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় সফরে নেদারল্যান্ডসে মোদি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১১:৩২:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১১:৩২:৪১ পূর্বাহ্ন
রাষ্ট্রীয় সফরে নেদারল্যান্ডসে মোদি ছবি : সংগৃহীত
তিন দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ( ১৫ মে) নেদারল্যান্ডসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  পাঁচ দেশ সফরের দ্বিতীয় ধাপে তিনি ১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত নেদারল্যান্ডেসে অবস্থান করবেন।   ২০১৭ সালের পর এটি তার দ্বিতীয় আমস্টারডাম সফর।  ভারত-নেদারল্যান্ডস সম্পর্কের জন্য এটি একটি ‘গুরুত্বপূর্ণ সময়’ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।  খবর এনডিটিভির। 

সফরকালে তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করবেন।  বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

নেদারল্যান্ডসে পৌঁছানোর আগে সংযুক্ত আরব আমিরাতে প্রায় আড়াই ঘণ্টার সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন মোদি। এ সময় আবুধাবিতে তিনি আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।

সফরকালে মোদি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দেশটির রাজা উইলেম-আলেকজান্ডা এবং রানি ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এছাড়া তিনি নেদারল্যান্ডসে বসবাসরত ভারতীয় কমিউনিটির উদ্দেশে বক্তব্য রাখবেন এবং দেশটির শীর্ষ ব্যবসায়িক নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরের এজেন্ডা ‘সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ’। দুই দেশের ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে যে কৌশলগত অংশীদারত্ব গড়ে উঠেছে, এই সফরের মাধ্যমে তা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ