গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকার আহ্বান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৫-২০২৬ ০২:৫৫:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৫-২০২৬ ০৬:২১:২৭ অপরাহ্ন
দেশজুড়ে ব্যাপকহারে ছড়িয়েছে অত্যন্ত ছোঁয়াচে রোগ হাম। চলতি বছর স্বাস্থ্য অধিদফতর হাম সংক্রমণের হিসাব রাখার দুমাস পূর্ণ হলো আজ। এ সময়ে আক্রান্ত প্রায় ৬০ হাজার আর মৃত্যু প্রায় সাড়ে চারশ’।
এবার হাম যেমন ছড়াচ্ছে ভয়াবহতা, এমনকি পরিবর্তন হয়েছে সংক্রমিত হওয়ার ধরণও। শুধু শিশুরা নয়, প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বয়স্করাও।
রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হাসপাতালে আট বছর বয়সের বেশি ভর্তি আছে প্রায় ৫০ শিশু। এ হাসপাতালে ৩০ বছরের একজন মারা যাওয়ার রেকর্ডও রয়েছে।
হাসপাতালে ভর্তি বয়স্ক রোগীরা বেশিরভাগ আক্রান্ত হয়েছেন পরিবারের শিশু সন্তানদের কাছ থেকে। আবার অনেকে জানেন না কীভাবে শরীরে বাসা বেঁধেছে এ ভাইরাস। এছাড়া হামের অতি সংক্রমণ ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারী ও তার গর্ভের সন্তান।
মেডিসিন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ জানান, বয়স্ক রোগীদের জটিলতার আশঙ্কা নেই। তবে গর্ভবতী মা হামে আক্রান্ত হলে ঝুঁকি বেশি গর্ভের সন্তানের। জন্মগত ত্রুটি, হার্টের সমস্যা এমনকি বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা আছে বলে জানান চিকিৎসক।
গর্ভবতী মায়েদের সুরক্ষিত রাখতে, ঘরে কোনো শিশু কিংবা নিজের কোনো শিশুসন্তান হামে আক্রান্ত হলে সেই গর্ভবতী মাকে নিরাপদে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এ চিকিৎসক।
এছাড়া জ্বর, কাশি, চোখ লাল হওয়া বা শরীরে র্যাশ ওঠার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলেও জানান এ বি এম আব্দুল্লাহ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স