ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​‘বিক্রয় ডট কম’ কিনে নিল নাইজেরিয়ান প্রতিষ্ঠান ‘জিজি’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০১:১৭:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০১:১৭:৩৪ অপরাহ্ন
​‘বিক্রয় ডট কম’ কিনে নিল নাইজেরিয়ান প্রতিষ্ঠান ‘জিজি’
দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম (Bikroy.com)-কে কিনে নিয়েছে নাইজেরিয়ার স্টার্টআপ ‘জিজি (Jiji)’। এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

২০২৫ সালের মার্চে বাংলাদেশে কার্যক্রম শুরু করে জিজি। এক বছরেরও কম সময়ের মধ্যে বাজার সম্প্রসারণের অংশ হিসেবে তারা বিক্রয় ডট কম অধিগ্রহণ করল। ফলে এটি জিজির জন্য আফ্রিকার বাইরে প্রথম বড় ব্যবসায়িক সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত জিজি বর্তমানে আফ্রিকার অন্যতম বড় অনলাইন মার্কেটপ্লেস। প্রতিষ্ঠানটি নাইজেরিয়া ছাড়াও ঘানা, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া ও ইথিওপিয়ায় কার্যক্রম পরিচালনা করছে। কোম্পানিটির দাবি অনুযায়ী, বছরে প্রায় ৯ কোটি ব্যবহারকারী তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেন এবং বার্ষিক প্রায় ৭০ বিলিয়ন ডলারের পণ্য লেনদেন হয়।

অন্যদিকে, ২০১২ সালে যাত্রা শুরু করা বিক্রয় ডট কম বাংলাদেশে অনলাইন কেনাবেচার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, যানবাহন ও প্রপার্টিসহ ৫০টিরও বেশি ক্যাটাগরিতে পণ্য ও সেবা কেনাবেচা করা হয় এখানে। বর্তমানে প্ল্যাটফর্মটির প্রায় ৩৫ লাখের বেশি ব্যবহারকারী রয়েছে বলে জানা গেছে।

২০১৫ সালে বিক্রয় ডট কম দেশের প্রথম অনলাইন কোরবানির পশুর হাট চালু করে আলোচনায় আসে।

জানা গেছে, অধিগ্রহণের পরও আপাতত ‘বিক্রয় ডট কম’ নামেই প্ল্যাটফর্মটি কার্যক্রম চালিয়ে যাবে; তাৎক্ষণিকভাবে ব্র্যান্ড পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ