৪২৫ কোটি টাকার মূলধন নিয়ে শুরু হলো ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১২-০৫-২০২৬ ০৬:২৫:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৫-২০২৬ ০৬:২৫:৩১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত একটি ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি (বিএসআইসি)’ নামে গঠিত এই প্ল্যাটফর্মের প্রাথমিক মূলধন ধরা হয়েছে ৪২৫ কোটি টাকা।
এই বিনিয়োগে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, আর্থিক খাতে যে স্বচ্ছতা আমরা আনতে চাচ্ছি, তা এর মাধ্যমে প্রকাশ পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের আর্থিক খাতের পরবর্তী ধাপের উন্নয়নে এমন প্রতিষ্ঠান প্রয়োজন, যা উদ্ভাবন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। বিএসআইসি দেশীয় মূলধনকে উৎপাদনশীল ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি আরও বলেন, প্রথমে ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হলেও তা সফল হয়নি। পরে প্রতিটি তফসিলি ব্যাংককে তাদের নিট লাভের ১ শতাংশ দিয়ে তহবিল গঠনের নির্দেশনা দেওয়া হয়।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এ ধরনের একটি প্রতিষ্ঠান গঠনে বাংলাদেশ ব্যাংককে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে। এই প্রতিষ্ঠানটি যে লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে, তা অবশ্যই সফল হবে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত দেশের স্টার্টআপ খাতে ৪৫০টির বেশি চুক্তির মাধ্যমে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ এসেছে। তবে এর মধ্যে দেশীয় মূলধনের অংশ ৭ শতাংশেরও কম।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের স্টার্টআপ খাতে দেশীয় মূলধন জোগানে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স