ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১২:২৬:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১২:৩৩:৪৩ অপরাহ্ন
​পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ​ছবি: সংগৃহীত
সকালে সতর্ক শুরুর পর রানের গতি বাড়ালেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত লাঞ্চের খানিক আগে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেন নাজমুল হোসেন শান্ত। সফরকারীদের অলআউট করতে সর্বোচ্চ ৭৬ ওভার পাবে স্বাগতিকরা; ম্যাচ জিততে পাকিস্তানের লক্ষ্য ২৬৮ রান।

মঙ্গলবার (১২ মে) মিরপুর টেস্টের শেষ দিনে লাঞ্চ বিরতির কিছুক্ষণ আগে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ছেড়ে দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৫০ বলে ৮৭ রান করেন তিনি।

১৭৯ রানের লিড নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দিনের তৃতীয় ওভারেই মুশফিকুর রহিমকে হারায়। হাসান আলির বলে ওড়াতে গিয়ে মিড অফ পার করতে পারেননি তিনি। ৩৭ বলে ২২ রান করে ফিরে যান তিনি। শুরুতে উইকেট পড়লেও প্রতিপক্ষের বোলাররা খুব একটা চাপ তৈরি করতে পারছিলেন না।

বাংলাদেশের ভঙ্গি ছিল সতর্ক। বিশেষ করে অধিনায়ক শান্ত ধীরলয়ে এগুনোর দিকে মনোযোগ দেন। ক্রিজে আসা লিটন দাসও থিতু হতে সময় নেন। তাদের ভেতর খুব দ্রুত রান বাড়ানোর তাড়না দেখা যায়নি।

লিটন অবশ্য মারতে গিয়েই পরাস্ত হন। সুইপে এক চার মারার পর শাহীন আফ্রিদির বাউন্সার ওড়াতে গিয়েছিলেন। তার পুল শট ফাইন লেগ থেকে কিছুটা ছুটে এসে বাউন্ডারি লাইনে ধরেন হাসান আলি।

মেহেদী হাসান মিরাজ নেমে পরিস্থিতির দাবি মিটিয়ে খেলতে থাকেন এবং ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন। অন্য প্রান্তে শান্ত তখন ইতিহাসের সামনে দাঁড়িয়ে। সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের পর চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টের দুই ইনিংসে তিনবার জোড়া সেঞ্চুরির রেকর্ড গড়ার কাছে ছিলেন তিনি। তবে নোমান আলিকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ১৫০ বলে বাংলাদেশ অধিনায়ক করেন ৮৭ রান।

মিরাজকেও বিদায় করেন নোমান। ২৭ বলে ২৪ রান করে সালমান আলি আঘার হাতে ধরা পড়েন এই অলরাউন্ডার। পরে তাইজুল ইসলামকে বোল্ড করে তৃতীয় উইকেট নেন নোমান। হাসান আলি এসে তাসকিন আহমেদকে আউট করার পরপরই ইনিংস ঘোষণা করেন শান্ত।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ