ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​১৭৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করলো টাইগাররা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:০১:২১ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:০১:২১ অপরাহ্ন
​১৭৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করলো টাইগাররা ​ছবি: সংগৃহীত
বৃষ্টিতে ভেসে গেছে প্রায় এক সেশনের খেলা। এতে করে লিড বাড়ানোর মিশনটা বাংলাদেশের প্রত্যাশামতো হয়নি। সোমবার (১১ মে) মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে টাইগারদের লিড ১৭৯ রানে, যা বাড়ানোর মিশন নিয়ে মঙ্গলবার (১২ মে) পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করবেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত।

চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। প্রথম ইনিংসে স্বাগতিকরা অলআউট হয় ৪১৩ রানে। জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস থামে ৩৮৬ রানে।

বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন দুই টাইগার ওপেনার- মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম। মাত্র ৫ রান করে আউট হন জয়। তাকে শিকার বানান মোহাম্মদ আব্বাস। দলীয় ২৩ এবং ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফিরেন সাদমান ইসলাম। তার উইকেট নেন হাসান আলী।

এরপরই দলের হাল ধরেন মুমিনুল হক ও শান্ত। দুপুর নাগাদ তাদের পথচলায় বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। আকাশের কান্নায় খেলা বন্ধ ছিল প্রায় ২ ঘণ্টা। তখন বাংলাদেশের লিড ছিল ১২০ রানে এবং মুমিনুল ৩৭ ও শান্ত ৩৪ রানে ব্যাট করছিলেন। বৃষ্টির পর খেলা শুরু হতেই পথ হারান মুমিনুল। ২৬তম টেস্ট হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ৫৬ রানে শাহিন শাহ আফ্রিদির শিকার হন তিনি। এরপর মুশফিককে সঙ্গে নিয়ে দিনের বাকি সময় পার করে দেন অধিনায়ক শান্ত।

শান্ত ৫৮ এবং মুশফিক ১৬ রানে অপরাজিত আছেন। তৃতীয় দিনের খেলা শেষে মেহেদি হাসান মিরাজ বলেছিলেন, এই উইকেটে ২৯০-৩০০ রানের টার্গেট দিতে পারলেই ভালো কিছুর আশা করছেন তারা। কার্যত এটা নিশ্চিত করতেই লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু বেরসিক বৃষ্টিতে গুরুত্বপূর্ণ কিছু ঘণ্টা ভেসে গেছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ