স্মার্ট ফোন কিনে না দেওয়ায় আত্মহত্যা!
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৫-২০২৬ ০৬:৪৮:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৫-২০২৬ ০৬:৪৮:০৪ অপরাহ্ন
প্রতীকী ছবি
মায়ের কাছে স্মার্ট ফোন কেনার আবদার করেছিলেন ২২ বছর বয়সী তরুণ শাকিল গাজী। আবদার মেটেনি, তাই আত্মহননের পথ বেছে নিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় পশ্চিম চাকামইয়া গ্রামে বুধবার (৬ মে) দিবাগত মধ্যরাতে বিয়োগান্তক ঘটনাটি ঘটেছে। পুলিশ ভোররাতে মরদেহ উদ্ধার করেছে। মৃত শাকিল ওই গ্রামের শাহআলম গাজীর ছেলে।
শাহআলম গাজী জানান, ছেলে বিবাহিত ছিল। একটি ইজিবাইক কিনে দিয়েছিলেন। কিন্তু ঠিকমতো তা ব্যবহার করতো না। ছেলে বউয়ের সঙ্গে সম্পর্ক বেশি ভালো ছিল না। বুধবার রাতের খাবার শেষে ওর মায়ের কাছে একটি স্মার্ট ফোনের আবদার করে। কিন্তু হাতে টাকা ছিল না। পরে দেয়ার কথা বলা হয়। অভিমানে নিজের ঘরে বসেছিল শাকিল। আমরা ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙলে মধ্যরাতের পরে বাইরে বের হয়ে দেখতে পান আম গাছের সঙ্গে ফাঁস দিয়ে শাকিল ঝুলছিল। ফোনের টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে বলে শাহ আলম গাজী দাবি করেন।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, ভোররাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে। মোবাইল ফোন কেনার আবদার করে টাকা না পাওয়ায় অভিমানে ওই যুবক গলায় ফাঁস দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স