রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৫-২০২৬ ১২:২৩:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৫-২০২৬ ০৬:৪১:১৫ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানীতে বিদ্যুতের লোড কমাতে ধাপে ধাপে সব বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দ্রুত নীতিমালা প্রণয়ন ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা তৈরি করতে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে। আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
সরকার আগামী পাঁচ বছরে সোলার বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায় বলেও জানান তিনি। এ লক্ষ্য অর্জনে ঢাকা ও অন্যান্য শহরের ভবনের ছাদে বেসরকারি খাতের মাধ্যমে রুফটপ সোলার স্থাপনের পরামর্শ দেন মন্ত্রী।
তিনি আরও বলেন, বাড়িতে আপনারা বিদ্যুৎ দিলেন, মাস শেষে নেট ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বিলটা নিয়ে আসলেন। ছাদ তো এমনি দেবে না, কিছুটা ভাড়া তাদের দিতে হবে। ওটা আপনাদের বিল থেকে বাদ দিয়ে দেবেন।
তিনি বলেন, ঢাকা শহরের প্রত্যেকটা হাউসহোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং বেসরকারি উদ্যোক্তাদের যদি (সুযোগ) দেই, তাহলে আমি মনে করি যে, ঢাকার যে লোডটা আছে, অনেক লোড কমে যাবে।’
সরকারি উদ্যোগে এককভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
মন্ত্রী আরও বলেন, নেতৃত্বের অভাবে দেশে এখন পর্যন্ত ব্যাপকভাবে সোলার ব্যবস্থায় যাওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার ও উইন্ড এনার্জিকে বিশেষ গুরুত্ব দিতে চায়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স