বিপাকে ব্রিটেনে বসবাসরত প্রবাসীরা
বাড়লো বিমানের টিকিটের দাম
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৫-২০২৬ ০১:০৫:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৫-২০২৬ ০২:২১:৩৩ অপরাহ্ন
ফাইল ছবি
কোনও ধরনের আগাম ঘোষণা ছাড়াই যুক্তরাজ্য থেকে বাংলাদেশগামী রিটার্ন টিকিটের ওপর ২০৭ পাউন্ড ট্যাক্স বা কর বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জাতীয় পতাকাবাহী সংস্থাটির এমন আকস্মিক সিদ্ধান্তে ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ওপর আর্থিক চাপের বোঝা আরেক দফা বাড়লো।
যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বিমানের কান্ট্রি ম্যানেজার রিয়াদ সোলায়মান সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা হেড অফিসের নির্দেশনায় সব রুটেই এই বর্ধিত হার ধার্য করা হয়েছে।
৪ মে থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্য থেকে প্রতিটি রিটার্ন টিকিটের মূল্য একলাফে অনেক বেড়ে গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লন্ডন-ঢাকা-সিলেট রুটে বিমানের সাধারণ ভাড়াই অন্যান্য মধ্যপ্রাচ্য বা ইউরোপীয় এয়ারলাইনসের তুলনায় গড়ে এমনিতেই ২০০ থেকে ৩০০ পাউন্ড বেশি থাকে। তার ওপর নতুন করে এই বিশাল অঙ্কের ট্যাক্স যুক্ত হওয়ায় সাধারণ যাত্রীদের জন্য বিমানের টিকিট এখন সাধ্যের বাইরে চলে গেছে বলে মনে করছেন কমিউনিটি নেতারা।
বিমান সূত্র জানায়, আন্তর্জাতিক রুটে অ্যাভিয়েশন ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানির দাম লিটারপ্রতি ১ ডলার ৪৮ সেন্টে ঠেকায় আগাম ঘোষণা ছাড়াই এই কর আরোপ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
বিমানের বিদেশের সব রুটেই ট্যাক্স বাড়ানো হলেও যুক্তরাজ্য রুটে এই বৃদ্ধির হার সবচেয়ে বেশি। এ নিয়ে ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। লন্ডনের ব্যবসায়ী সংগঠনের নেতা মনির আহমদ বলেন, বিমানের ভাড়া এমনিতেই অনেক বেশি ছিল, যা নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তার ওপর স্বচ্ছতা ছাড়াই এমন অস্বাভাবিক ট্যাক্স বৃদ্ধি প্রবাসীদের প্রতি অবিচার।
বর্তমানে বিলিয়ন ডলারের বিমান কেনা এবং ঋণের বোঝা পরিশোধের চাপে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। অ্যাভিয়েশন বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম না কমলে বা ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল না হলে ভবিষ্যতে ভাড়ার ক্ষেত্রে আরও সমন্বয় করার সম্ভাবনা রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স