হরমুজে পাহারার উদ্যোগ স্থগিত করলেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৬-০৫-২০২৬ ১০:৫১:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৬-০৫-২০২৬ ১০:৫১:৩৪ পূর্বাহ্ন
ফাইল ছবি
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি এবং পাকিস্তানসহ বিভিন্ন দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তার জন্য শুরু করা প্রজেক্ট ফ্রিডম সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যক্রমটি শুরুর মাত্র একদিন পরই এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে প্রচারণায় আমরা অভাবনীয় সামরিক সাফল্য পেয়েছি। ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির পথে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এ সবের পাশাপাশি পাকিস্তানসহ অন্যান্য দেশের অনুরোধের প্রেক্ষিতে আমরা সম্মত হয়েছি যে, প্রজেক্ট ফ্রিডম (হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল) আপাতত অল্প সময়ের জন্য স্থগিত রাখা হবে। এর মাধ্যমে আমরা দেখব যে চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষর করা সম্ভব কি না।
ট্রাম্প আরও উল্লেখ করেন, যদিও প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হচ্ছে, তবুও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ পুরোপুরি বলবৎ থাকবে।
প্রসঙ্গত মার্কিন অবরোধের জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র জাহাজ চলাচলের জন্য প্রজেক্ট ফ্রিডম নামে এই অপারেশন শুরু করেছিল। তবে ঠিক কীভাবে এই প্রকল্প শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারত, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স