ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বর ট্র্যাজেডি: এক যুগেও বিচার অনিশ্চিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ১১:২৭:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ১১:২৭:০৬ পূর্বাহ্ন
শাপলা চত্বর ট্র্যাজেডি: এক যুগেও বিচার অনিশ্চিত ফাইল ছবি
এক যুগ পেরিয়ে গেলেও মতিঝিলে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার বিচার এখনো নিশ্চিত হয়নি। একই সঙ্গে ওই ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যাও এখনো অজানা রয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে, শিগগিরই ঘটনার খুঁটিনাটি সামনে আনা হবে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আদালতে মামলা করেননি। সংগঠনটির শীর্ষ নেতারা দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সন্ধ্যার পর সমাবেশস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর সেখানে তাণ্ডবের ঘটনা ঘটে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, ওই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মোট ৫৭ জন নিহত হন।

ঘটনাটিকে ঘিরে পরবর্তী সময়ে রাজনৈতিক ও আইনগত প্রক্রিয়ায় ব্যাপক মামলা হয়। জানা যায়, হেফাজত, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলের কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দুই শতাধিক মামলা দায়ের করা হয়েছিল। ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার এসব মামলার অনেকগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হুসাইন বলেন, মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকার নিয়েছে, তবে বিভিন্ন দপ্তর থেকে চিঠি এখনো যুক্ত না হওয়ায় কিছু মামলা বিচারাধীন রয়েছে। তার মতে, যেসব মামলা হত্যার অভিযোগে হয়েছে, সেগুলো এভাবে প্রত্যাহার করা সম্ভব নয়।

দীর্ঘদিন আসামিপক্ষের হয়ে মামলা পরিচালনা করা এক আইনজীবী বলেন, ১৩ বছর আগের এই ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের পরিচয় জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, একদিকে তৎকালীন সরকার আলেমদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে, অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর তাদের কারাগারে রাখা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং আলাদা করে মামলা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবার মামলা করতে চাইলে সরকার সেই মামলা গ্রহণ করবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবে এমন প্রত্যাশা তারা করেন।

এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ৭৫টি পরিবারকে ১০ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ