ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​কমিটি নিয়ে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ, ১৪৪ ধারা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৬:৪১:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৬:৪১:১৭ অপরাহ্ন
​কমিটি নিয়ে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ, ১৪৪ ধারা ​ছবি: সংগৃহীত
রাঙামাটিতে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। রোববার ও সোমবার দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

সোমবার (৪ মে) দুপুর ২টার পর বঞ্চিত গ্রুপের নেতা জাবেদ, ফজলু ও সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা কাঁঠালতলী এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। অপরদিকে পৌরসভা এলাকায় অবস্থান নেন নতুন কমিটির সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক মো. নাঈমুল ইসলাম রনির অনুসারীরা। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ব্যারিকেড ভেঙে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় মো. নাহিদ ও ইউনুস নামে দুইজন আহত হন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে সরে যেতে নির্দেশ দেয়।

এদিকে কাঁঠালতলী ও পৌরসভা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের মিছিল-সমাবেশ বন্ধে জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন ১৪৪ ধারা জারি করেন। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ টহল দিচ্ছে।

নতুন কমিটির সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি জানান, জেলা ছাত্রদলে কোনো গ্রুপিং নেই। আংশিক কমিটি গঠন করা হয়েছে এবং সবাইকে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আর কোনো বিভেদ থাকবে না।

অন্যদিকে বঞ্চিত গ্রুপের নেতা জাবেদ, ফজলু ও সুমন অভিযোগ করেন, কেন্দ্রীয়ভাবে একপেশে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না। তারা অবৈধ লেনদেনের অভিযোগও তোলেন এবং নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের মে মাসে ফারুক আহমেদ সাব্বিরকে সভাপতি ও আলী আকবর সুমনকে সাধারণ সম্পাদক করে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ