ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবি, সরকার গঠনের পথে বিজেপি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৩:২০:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৩:২০:৪৮ অপরাহ্ন
​পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবি, সরকার গঠনের পথে বিজেপি ​ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার (০৪ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮ টায় কড়া নিরাপত্তার মধ্যে গণনা শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সংখ্যার ব্যবধান ক্রমশ বাড়িয়ে চলেছে বিজেপি। 

বাংলাদেশ সময় দুপুর ১ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের প্রবণতায় গেরুয়া শিবিরের আধিপত্য আরও স্পষ্ট হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতায় বিজেপি এগিয়ে আছে ১৮৩টি আসনে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০২টি আসনে। 

এরইমধ্যে ভোট গণনার ট্রেন্ডে ম্যাজিক ফিগার পার করে ফেলেছে গেরুয়া শিবির। এর ফলে টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ভেঙে চুরমার হতে চলেছে। ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই ) এ খবর জানিয়েছে।

দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের পর গত ১৫ বছর ধরে চলা তৃণমূলের একাধিপত্য ভেঙে বিজেপির এ জয় নতুন এক অধ্যায়ের সূচনা করল।

অভাবনীয় এ সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আত্মবিশ্বাসী শুভেন্দু বলেন, ১৮০টিরও বেশি আসন নিয়ে রাজ্যে সরকার গড়বে বিজেপি। তৃণমূলের ফলাফল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, রনে দিজিয়ে। খতম, পুরা খতম।

নিজের দাবির সপক্ষে যুক্তি দিয়ে শুভেন্দু বলেন, নরেন্দ্র মোদীর পক্ষে সব হিন্দু ঐক্যবদ্ধ হয়েছেন। গণনার চার রাউন্ডের পরেই স্পষ্ট হয়েছে যে বিজেপি সরকার গড়ছে। 

উল্লেখ্য এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটদানের রেকর্ড গড়েছে। দ্বিতীয় দফায় ৯১.৬৬ শতাংশ এবং প্রথম দফায় ৯৩.১৯ শতাংশ ভোট পড়ার পর, দুই দফা মিলিয়ে মোট ভোটদানের হার দাঁড়িয়েছে ৯২.৪৭ শতাংশ।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ