টিন সার্টিফিকেট ছাড়া পাওয়া যাবে না গুরুত্বপূর্ণ বহু সেবা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৪-০৫-২০২৬ ০৩:০৪:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৫-২০২৬ ০৩:০৪:৫৭ অপরাহ্ন
দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখেরও বেশি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ধারী রয়েছেন। তবে তাদের মধ্যে চলতি বছরে রিটার্ন জমা দিয়েছেন প্রায় সাড়ে ৪২ লাখ করদাতা। বাস্তবতা হলো, নানা সরকারি-বেসরকারি সেবা গ্রহণের জন্য এখন টিআইএন বা টিন সার্টিফিকেট অপরিহার্য হয়ে উঠেছে। ফলে অনেকেই শুধু প্রয়োজনীয় সেবা পাওয়ার জন্য টিআইএন নিবন্ধন করছেন, যদিও সবাই নিয়মিত রিটার্ন দিচ্ছেন না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনলাইন প্ল্যাটফর্ম থেকেই সহজে টিআইএন নেওয়া যায়।
বর্তমানে প্রায় ৪০ ধরনের কাজ ও সেবা রয়েছে, যেখানে টিআইএন বাধ্যতামূলক। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ক্ষেত্র হলো:
চাকরিজীবীদের জন্য
সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলে এবং বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, প্রশাসনিক বা তদারকি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের টিআইএন থাকতে হবে।
ব্যবসা ও ট্রেড লাইসেন্স
সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নিতে কিংবা নবায়ন করতে টিআইএন প্রয়োজন।
জমি, ফ্ল্যাট ও সম্পত্তি নিবন্ধন
নির্দিষ্ট এলাকায় জমি, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের মালিকানা নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন ছাড়া প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।
যানবাহন নিবন্ধন
গাড়ি ক্রয়, নিবন্ধন ও ফিটনেস নবায়নের জন্যও টিআইএন বাধ্যতামূলক।
পেশাজীবীদের ক্ষেত্রে
চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশাজীবীর নিবন্ধন বা সনদ গ্রহণে টিআইএন লাগবে।
আমদানি-রপ্তানি কার্যক্রম
এলসি খোলা, আমদানি-রপ্তানি ব্যবসা কিংবা ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং কার্যক্রম পরিচালনায় টিআইএন অপরিহার্য।
সরকারি দরপত্র
সরকারি, স্থানীয় সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দরপত্রে অংশ নিতে হলে টিআইএন থাকতে হবে।
ব্যাংকিং ও আর্থিক সেবা
ক্রেডিট কার্ড গ্রহণ, পাঁচ লাখ টাকার বেশি ঋণ নেওয়া কিংবা নির্দিষ্ট আর্থিক লেনদেনে টিআইএন প্রয়োজন।
অভিজাত ক্লাব ও শিক্ষা
নির্দিষ্ট ক্লাবের সদস্যপদ এবং ইংরেজি মাধ্যম স্কুলে সন্তান ভর্তি করাতেও অভিভাবকের টিআইএন লাগতে পারে।
ছোট-বড় নানা ব্যবসা
মোবাইল রিচার্জ, মোবাইল ব্যাংকিং, পরিবেশক, ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং, নিরাপত্তা সেবা বা জনবল সরবরাহসহ বহু ব্যবসায় টিআইএন বাধ্যতামূলক।
বিশেষ লাইসেন্স ও পেশাগত অনুমোদন
ড্রাগ লাইসেন্স, বিমা জরিপ, বিবাহ নিবন্ধন, কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার হওয়ার ক্ষেত্রেও টিআইএন প্রয়োজন।
নির্বাচনে অংশগ্রহণ
জাতীয় সংসদ, সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে টিআইএন বাধ্যতামূলক।
সব মিলিয়ে, টিআইএন এখন শুধু কর প্রদানের জন্য নয়; বরং নাগরিক, পেশাগত ও ব্যবসায়িক নানা গুরুত্বপূর্ণ সেবার প্রবেশপত্র হিসেবেও কাজ করছে। তাই প্রয়োজনীয় সেবা নির্বিঘ্নে পেতে আগেভাগেই টিআইএন সংগ্রহ করা অনেকের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স