মারা গেলেন পাঁচবারের সাবেক এমপি মোসলেম
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-০৫-২০২৬ ০৪:০৩:১১ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৫-২০২৬ ০৪:০৩:১১ অপরাহ্ন
ফাইল ছবি
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন আর নেই। বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার আজ শনিবার (০২ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টার দিকে ঢাকায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মো. মোসলেম উদ্দিন ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ১৯৭০ সালের নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পেশাগত জীবনে একজন আইনজীবী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
সাবেক এ সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম। তিনি জানান, আমাদের বাবা ৮৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়। বাবার জানাযার নামাজ আগামীকাল (রোববার) সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, দুপুর ৩ টায় ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে, বিকেল ৫টায় আলহাজ মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজ শেষে উপজেলার নিউগী কুশমাইল নিজ বাড়িতে দাফন করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স