ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে হারালো ৩ প্রাণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে হারালো ৩ প্রাণ ফাইল ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান।

নিহতরা হলেন- ভুরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মো. মনির হোসেনের মেয়ে মোছা. ছাদিয়া (৮), মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) ও ধলডাঙ্গা গ্রামের মো. সাইফুর রহমানের ছেলে মো. লিমন (২৮)। তাদের মধ্যে লিমন পেশায় চালক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম খেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও এক কন্যা শিশু রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ