ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​পারমাণবিক সম্মেলনে সহ-সভাপতি ইরান, তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৪:৫১:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৪:৫১:১১ অপরাহ্ন
​পারমাণবিক সম্মেলনে সহ-সভাপতি ইরান, তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের ​ছবি: সংগৃহীত
জাতিসংঘের অধীনে অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরানকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। এই সিদ্ধান্তকে ঘিরেই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এতে করে জাতিসংঘে পারমাণবিক কূটনীতিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

ওয়াশিংটন সরাসরি অভিযোগ করে বলেছে, ইরানের মতো একটি দেশকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া এনপিটি চুক্তির মূল উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে। তাদের মতে, তেহরান দীর্ঘদিন ধরেই পরমাণু কর্মসূচি নিয়ে স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গেও পূর্ণ সহযোগিতা করছে না। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ এখনও কাটেনি বলে দাবি যুক্তরাষ্ট্রের।

অন্যদিকে, তেহরান কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরানের প্রতিনিধিরা পাল্টা যুক্তি দিয়ে বলেন, আন্তর্জাতিক চুক্তি মানার বিষয়ে প্রশ্ন তোলার নৈতিক অবস্থান যুক্তরাষ্ট্রের নেই। তারা স্মরণ করিয়ে দেয়, ইতিহাসে একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ব্যবহার করেছিল, যা বিশ্ব বিবেককে এখনও নাড়া দেয়।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিরোধ কেবল কূটনৈতিক বাকযুদ্ধেই সীমাবদ্ধ নয়; বরং এটি বৈশ্বিক পরমাণু রাজনীতির গভীর সংকটের প্রতিফলন। এনপিটি চুক্তির মূল লক্ষ্য ছিল পরমাণু অস্ত্র বিস্তার রোধ ও নিরস্ত্রীকরণ, কিন্তু বড় শক্তিগুলোর পারস্পরিক অবিশ্বাস এই প্রক্রিয়াকে জটিল করে তুলছে। আগামী দিনগুলোতে এই ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে আরও উত্তাপ ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ