ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৬:৪৭:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৬:৪৭:২৫ অপরাহ্ন
​মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা ​ফাইল ছবি
মাদারীপুরের ডাসারে জমি নিয়ে বিরোধের জেরে মারুফ সরদার (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার  (২৬ এপ্রিল) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার (২৫ এপ্রিল) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় মারুফসহ চারজনকে পিটিয়ে জখম করা হয়।

নিহত মারুফ সরদার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার নুর ইসলামের ছেলে। 

এ ঘটনায় নিহতের বাবা নুর ইসলাম সরদার, মা মানিনুর বেগমসহ একই বাড়ির হোসনেয়ারা বেগম ও পাপিয়া বেগমকে পিটিয়ে গুরতর আহত করা হয়। আহতরা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের সাথে একই এলাকার মোফাজ্জেল সরদারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে নুর ইসলামের বাড়ির পাশে একটি বিরোধপূর্ণ জমিতে উভয়পক্ষ মাপজোখের আয়োজন করেন। এসময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায় মোফাজ্জেল সরদারের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ নুর ইসলামের ওপর হামলা চালায়। বাঁধা দিতে গেলে নুর ইসলামের ছেলে, স্ত্রীসহ পাঁচজনকে পিটিয়ে গুরতর জখম করা হয়। 

পরে গুরতর অবস্থায় নুর ইসলাম ও তার ছেলে মারুফ সরদারসহ পাঁচজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় মারুফ সরদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরবর্তীতে মারুফের অবস্থা অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ লাইফ সাপোর্টের জন্য তাকে ঢাকার রামপুরায় অবস্থিত মাল্টি কেয়ার হাসপাতালে প্রেরণ করেন। পরে রোববার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারুফের বাবা নুর ইসলাম বলেন, ‘ওই মোফাজ্জেল সরদার ও তার লোকজন আমার পোলারে পিটিয়া, কুপাইয়া মাইরা ফালাইছে। আমার পোলারে যারা মারছে তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই।’

এদিকে মারুফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গা ঢাকা দিয়েছে প্রধান অভিযুক্ত মোফাজ্জেল সরদার। জানতে চাইলে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।

মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জমিজমা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব থেকেই দু’পক্ষের সংঘাত। মারুফের মাথায় গুরুতর আঘাত থাকায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের মা মাহিনুর বেগম বাদি হয়ে থানায় মামলা করেছেন। এতে ১২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ