ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​মিটারে চুম্বক বসিয়ে গ্যাস চুরি, ডাইং কারখানায় তিতাসের অভিযান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৫:১৯:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৭:২১:২৬ অপরাহ্ন
​মিটারে চুম্বক বসিয়ে গ্যাস চুরি, ডাইং কারখানায় তিতাসের অভিযান ​ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস চুরির অভিযোগে একটি ডাইং কারখানায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি টিম। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় রেললাইন বটতলা এলাকার ‘পেটার্ন ফিনিশিং’ নামের কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন তিতাস গ্যাসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মঞ্জুর আজিজ মোহন। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিতাসের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটি গ্যাস মিটারে বিশেষ ধরনের চুম্বক ব্যবহার করে টেম্পারিংয়ের মাধ্যমে গ্যাস চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযানের সময় কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিল। তিনি আরো জানান, প্যাটার্ন ফিনিশিং নামক প্রতিষ্ঠানটির আরএমএস রুমটি সিলসহ তালাবদ্ধ থাকে। তারা অবৈধভাবে গোপনে রুমটিতে বিকল্প পথে প্রবেশ করতো। এবং মিটার টেম্পারিং করতো। অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক উপস্থিত ছিলেন না। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মঞ্জুর আজিজ মোহন জানান, কারখানাটির বিরুদ্ধে গ্যাস চুরির পূর্ণ হিসাব নির্ধারণ করে পরবর্তীতে জরিমানার পরিমাণ ঠিক করা হবে। অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে তিতাসের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ