ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ড কার্যকরের নতুন ৩ পদ্ধতি অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১১:৫১:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১১:৫১:০৬ পূর্বাহ্ন
মৃত্যুদণ্ড কার্যকরের নতুন ৩ পদ্ধতি অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র ফাইল ছবি
গুরুতর ফেডারেল অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন। এসব পদ্ধতির মধ্যে রয়েছে–ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎস্পৃষ্ট করে মৃত্যুদণ্ড এবং গ্যাসের মাধ্যমে শ্বাসরোধ। শুক্রবার (২৪ এপ্রিল) নতুন এই পরিকল্পনার কথা জানিয়ে ট্রাম্প প্রশাসন জানায়, প্রাণঘাতী ইনজেকশনের জন্য প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে জটিলতা থাকায় এ উদ্যোগ নেয়া হচ্ছে।

মার্কিন বিচার বিভাগের এক প্রতিবেদনে মৃত্যুদণ্ডের নতুন পদ্ধতিগুলো নিয়ে সুপারিশ এসেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় চালুর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই বিষয়টি নিয়ে কাজ করছে বিচার বিভাগ।

২০২১ সালে নিজের প্রথম মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ২০ বছরের বিরতির পর ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় চালু করেন ট্রাম্প। দায়িত্ব ছাড়ার আগের কয়েক মাসে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে ১৩ জন ফেডারেল বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেন তিনি। এর আগের ৫০ বছরে মাত্র তিনটি ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।

গত বছর হোয়াইট হাউসে ফিরে এসে ট্রাম্প তার পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আরোপিত ফেডারেল মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ প্রত্যাহার করেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ দেশজুড়ে ৪০ জনের বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করছে। যদিও এখনও কোনও মামলার বিচার শুরু হয়নি। এসব মামলার বিচারপ্রক্রিয়া শেষ হতে কয়েক বছর সময় লাগতে পারে।

বিচার বিভাগের ৫২ পৃষ্ঠার ওই প্রতিবেদনের ভূমিকায় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ লিখেছেন, বাইডেন প্রশাসনের স্থগিতাদেশ ‘ফেডারেল মৃত্যুদণ্ড ব্যবস্থাকে দুর্বল করেছে’। এর ফলে ‘ভুক্তভোগী, তাদের পরিবার, সম্প্রদায় ও পুরো জাতি এর পরিণতি বহনে বাধ্য হয়েছে’ বলে উল্লেখ করেন তিনি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ