ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা অর্থহীন: ইরান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২২-০৪-২০২৬ ১১:৩১:১০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২২-০৪-২০২৬ ০১:০৫:৫২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে প্রয়োজনে সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পরপরই তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বীকৃতি দেবে না এবং নিজেদের জাতীয় স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কঠোর প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেন, “ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা অর্থহীন। পরাজিত পক্ষ কখনো শর্ত নির্ধারণ করতে পারে না। অব্যাহত সমুদ্রপথ বন্ধ করে রাখা বোমা হামলার সমান এবং এর জবাব সামরিকভাবেই দিতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর এই ঘোষণা মূলত আকস্মিক হামলার প্রস্তুতির জন্য সময়ক্ষেপণ মাত্র। এখন সময় এসেছে ইরানের পক্ষ থেকেই পাল্টা উদ্যোগ নেওয়ার।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প জানান, ইরানের প্রতিনিধিরা একটি ‘সমন্বিত প্রস্তাব’ নিয়ে না আসা পর্যন্ত পাকিস্তানের বিশেষ অনুরোধে তিনি ইরানে হামলা স্থগিত রাখতে রাজি হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা কোনো একটি চূড়ান্ত পরিণতিতে না পৌঁছানো পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
এদিকে ইরানের প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা তারা বর্জন করবে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে আলোচনার টেবিলে বসা ‘সময় অপচয়’ ছাড়া আর কিছু নয় বলে মনে করছে ইরান। যুক্তরাষ্ট্রের বাধার কারণে কোনো গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নেই বলেও মনে করছে দেশটি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স