পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৪-২০২৬ ০১:৫২:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৪-২০২৬ ০১:৫২:৫২ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের পোশাকের রং পরিবর্তন নিয়ে আবারও নতুন উদ্যোগ নেয়া হয়েছে। চলমান বিতর্ক ও মাঠপর্যায়ের অসন্তোষের পর আগের রংয়ের কাছাকাছি নকশায় ফিরে যাওয়ার সিদ্ধান্তের দিকে যাচ্ছে সরকার।
নতুন প্রস্তাব অনুযায়ী, পুলিশের ইউনিফর্মে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এজন্য পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বর্তমান ইউনিফর্ম নকশা পুনর্বিবেচনা করে আগের মতো ব্যবহারিক ও গ্রহণযোগ্য রঙে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে এক এসআরও অনুযায়ী পুলিশের শার্টের রং গাঢ় ধূসর এবং প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে শার্ট লৌহ রং ও প্যান্ট কফি রং নির্ধারণ করা হয়েছিল। তবে এই পরিবর্তন মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করে। অনেকেই নতুন রঙকে অপ্রায়োগিক ও অস্বস্তিকর বলে মত দেন। বিষয়টি নিয়ে বাহিনীর ভেতরে-বাইরে সমালোচনাও তৈরি হয়।
এই প্রেক্ষাপটেই নতুন করে রং পরিবর্তনের সিদ্ধান্ত আসে। প্রস্তাবিত ব্যবস্থায় মহানগর পুলিশের (মেট্রোপলিটন) শার্ট হবে হালকা অলিভ (জলপাই) রঙের। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং থাকবে টিসি টুইল খাকি।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, সংশোধিত ড্রেস রুলস কার্যকর হলে ইউনিফর্মের একাধিক ধারা পরিবর্তন করতে হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের খসড়াও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এছাড়া জানানো হয়েছে, পোশাক সরবরাহ ব্যবস্থা আগের মতোই চলমান থাকবে এবং প্রাপ্যতার ভিত্তিতে নতুন ইউনিফর্ম বিতরণ করা হবে। ফলে এই পরিবর্তনে সরকারের অতিরিক্ত কোনো বড় ধরনের আর্থিক ব্যয় হবে না বলেও দাবি করা হচ্ছে।
সব মিলিয়ে পুলিশের পোশাকের রং নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনা ও বিতর্কের মধ্যেই নতুন করে পুরোনো নকশার কাছাকাছি রঙে ফেরার উদ্যোগ প্রশাসনিক ও বাহিনীগত উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স