দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: উপদেষ্টা ডা. জাহেদ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৪-২০২৬ ০১:৩৫:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৪-২০২৬ ০৪:২৬:১২ অপরাহ্ন
ফাইল ছবি
দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, গত ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে, যা বর্তমান চাহিদা বিবেচনায় স্থিতিশীল অবস্থানে আছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য তুলে ধরেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে জ্বালানি তেলের মজুত বা সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে প্রকৃত চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং মানুষের মধ্যে সৃষ্ট অযাচিত ভীতি। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব সব দেশেই পড়ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশও এর বাইরে নয়। তবুও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। তবে সরকার চেষ্টা করছে যেন জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের ওপর কম পড়ে। বিশেষ করে পরিবহন ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সীমিত রাখার উদ্যোগ নেয়া হবে। একইসঙ্গে পণ্যের মূল্যও পরিস্থিতি অনুযায়ী সমন্বয় করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাসের রেজিস্টেশন হয়েছে বলেও জানান তিনি। বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান জনগণকে এই কঠিন সময়ে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়ার বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি বর্তমান পরিস্থিতির জন্য আন্তর্জাতিক বাজার ও অভ্যন্তরীণ পাচারকে দায়ী করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ পালনের চেষ্টা করবে সরকার। সে জন্য আশপাশের দেশ ভারত, ভুটান, মিয়ানমারসহ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স