জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হত্যা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৪-২০২৬ ০৮:২৭:০১ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৪-২০২৬ ০৮:২৭:০১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মনোতোষ ঘটক (৬০) নামে এক কৃষককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোতোষ ঘটক ওই গ্রামের সিদ্ধেশ্বর ঘটকের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, খাগবাড়ী গ্রামের মনোতোষ ঘটকের সঙ্গে একই গ্রামের গৌরাঙ্গ ঘটকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রোববার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গৌরাঙ্গ ঘটক ও তার স্ত্রী পুতুল ঘটক মিলে মনোতোষ ঘটককে মারধর করেন।
এতে মনোতোষ ঘটক গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী তন্ময় ঘটক জানান, বিকেলে জমিজমা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং মনোতোষ ঘটক মাটিতে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. তমাল অধিকারী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার এসআই উত্তম সেন জানান, মনোতোষ ঘটকের পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে হত্যার অভিযোগ করা হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স