ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৬:৩৬:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৭:৪৯:২৫ অপরাহ্ন
একদিনে বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের ​প্রতীকী ছবি
দেশের ছয় জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

এর মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি মানুষের প্রাণ গিয়েছে। সেখানে চার উপজেলায় পাঁচজন মারা গেছেন। এদের মধ্যে অধিকাংশই শনিবার (১৮ এপ্রিল) দুপুরে হাওরে ধান কাটার সময় প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া ময়মনসিংহ ও রংপুরে দুজন করে এবং নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে একজন করে বজ্রপাতে নিহত হয়েছেন।

সুনামগঞ্জ
সুনামগঞ্জের বিভিন্ন হাওরে কাজ করার সময় বজ্রপাতে পাঁচজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও চারজন।

শনিবার বেলা সাড়ে ১২টায় জামালগঞ্জের পাগনার হাওর, ধর্মপাশার টগার হাওর, দিরাইয়ের কালিয়াগোটা হাওর এবং তাহিরপুর উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান।

নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নুরুজ্জামান, ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান, একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (২৩), দিরাই উপজেলার কৃষক লিটন মিয়া এবং তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বকরের ছেলে আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮)।

ময়মনসিংহ
শনিবার দুপুর ২টার দিকে গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জ্বল (৩০) এবং গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের প্রয়াত সেকান্দর আলী খানের ছেলে মমতাজ আলী খান (৫৮)।

গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, “রহমত আলী মুদি দোকানি। দুপুরে বোন জামাইয়ের ধান ক্ষেত দেখতে পূর্ব কোনাপাড়া গ্রামে যান তিনি। সেখানে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় উজ্জ্বল।”

গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, “মমতাজ আলী খান জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

রংপুর
মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর এলাকার সখিপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান বলেন, “শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।”

নিহতরা হলেন- উপজেলার রামেশ্বর পাড়া গ্রামের মাঝিপাড়া এলাকার মিলন মিয়া (৩৫) এবং সখিপুর গ্রামের আবু তালেব (৬৫)।

সখিপুর গ্রামের রমজান আলী বলেন, “গ্রামের তানজিমুল ইসলাম গোল্ডেনের একটি পুকুরে মাছ ধরার কাজ চলছিল। এ সময় কয়েকজন মাছ ধরছিলেন, আর কয়েকজন পাড়ের একটি টং ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলেন।”

বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হয় সাত থেকে আটজন। তাদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, “নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার চেষ্টা করা হবে।”

নেত্রকোণা
আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষির হাওড়ে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন।

নিহত আলতু মিয়া (৬৫) একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

আটপাড়া থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, “দুপুর ১টার দিকে মেষি হাওড়ে গরুর জন্য ঘাস কাটছিলেন আলতু মিয়া। এ সময় আকাশ অন্ধকার করে বৃষ্টিসহ বজ্রপাত হয়। বজ্রপাতের পর স্থানীয়রা হাওড়ে গিয়ে আলতু মিয়ার মরদেহ পরে থাকতে দেখেন।”

আটপাড়ার ইউএনও মো. শাহানুর রহমান বলেন, “নিহতের পরিবারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে।”

কিশোরগঞ্জ
করিমগঞ্জ উপজেলার বড় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিক মারা গেছেন।

করিমগঞ্জ থানার ওসি এমরানুল করিম বলেন, “শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।”

নিহত হেলাল মিয়া (৩৮) উপজেলার কলাবাতা গ্রামের বাসিন্দা।

হবিগঞ্জ
নবীগঞ্জ উপজেলায় বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, “নিহত সুনাম উদ্দিন (৬০) উপজেলার রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।”

বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, “সকালে তিনি হাওরে ধান কাটতে যান। দুপুরে বজ্রপাতে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।”

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ