ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রান্নাঘরে মিলল বিপুল পরিমাণ ডিজেল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১০:৫৮:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১০:৫৮:৫১ পূর্বাহ্ন
রান্নাঘরে মিলল বিপুল পরিমাণ ডিজেল ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার দায়ে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার আসাননগর গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে শরিফুলের বাড়ির রান্নাঘরে রাখা মোট ৬৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। 

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর কারিগরপাড়ার আবদুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম আগে মুদি ও জ্বালানি তেলের ব্যবসা করলেও বর্তমানে তিনি সিট-কাপড়ের ব্যবসা করেন। ব্যবসা পরিবর্তন করলেও লাইসেন্স ছাড়াই তিনি বিপুল পরিমাণ ডিজেল নিজ বাড়িতে মজুত করেন। বাজারে যখন জ্বালানি তেলের সংকট চলছিল, তখনও তিনি মুনাফার আশায় এই তেল বাজারে না ছেড়ে গোপনে জমিয়ে রাখেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীন। তিনি সরেজমিনে ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারকে অবহিত করেন।

ইউএনওর নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল্লাহ আল শামীম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় শরিফুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

জব্দ ৬৪৫ লিটার ডিজেল বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীনের জিম্মায় রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, জব্দ এই তেল ১৮ এপ্রিল স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে যারা জনদুর্ভোগ সৃষ্টি করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ