ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​চিকিৎসা নিতে পশু হাসপাতালে উড়ে এলো অসুস্থ কাক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৫:২৭:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৫:২৭:০৪ অপরাহ্ন
​চিকিৎসা নিতে পশু হাসপাতালে উড়ে এলো অসুস্থ কাক ​ছবি: সংগৃহীত
প্রাণীদের বুদ্ধিমত্তা ও বেঁচে থাকার প্রবল ইচ্ছার এক অনন্য দৃষ্টান্তের সাক্ষী হলো চট্টগ্রামের বাঁশখালী উপজেলা। পক্স রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার আশায় নিজেই পশু হাসপাতালে হাজির হয়েছে একটি কাক। পরে সেটিকে চিকিৎসা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বুধবার (১৫ এপ্রিল) রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। এর আগে সকালে বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে বিরল এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তাঁরা জানান, বুধবার সকালে হাসপাতালের বারান্দার প্রবেশমুখে কাকটিকে প্রথম দেখতে পান সংশ্লিষ্ট চিকিৎসকরা। পরে কাকটির আচরণ অস্বাভাবিক মনে হলে সেটিকে কাছে নিয়ে পরীক্ষা করা হয়। এসময় দেখা যায় কাকটি পক্স রোগে আক্রান্ত। এরপর সেটিকে চিকিৎসা দিতে শুরু করেন চিকিৎসকরা। সেটিকে চিকিৎসা দেওয়ার সময় অন্যান্য কাকগুলো আশপাশে জড়ো হয়ে ডাকাডাকি শুরু করে।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জুলকারনাইন শাওন জানান, বুধবার সকাল ৯টার দিকে হাসপাতালে প্রবেশের সময় দরজার কাছে একটি কাক দেখতে পাই। প্রথমে স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর কাকটি ডাকতে ডাকতে আমাদের এগিয়ে আসে। তখন সেটিকে হাতে নিয়ে পরীক্ষা করলে দেখা যায়, এটি পক্স রোগে আক্রান্ত।

তিনি আরও বলেন, ‘কাকটির শরীরে অসংখ্য বিষফোঁড়া ছিল। আমরা সঙ্গে সঙ্গে ক্ষতস্থান আয়োডিন দিয়ে পরিষ্কার করি এবং ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি। আশ্চর্যজনকভাবে চিকিৎসার সময় কাকটি একেবারেই শান্ত ছিল, কোনো ধরনের বাধা দেয়নি।’

চিকিৎসকদের মতে, সময়মতো চিকিৎসা না পেলে কাকটির বেঁচে থাকা কঠিন হয়ে পড়ত। তবে চিকিৎসার পর কাকটির অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে এটি হাসপাতালের আশপাশেই অবস্থান করছে। মাঝে মাঝে গাছের ডালে বসছে, আবার হাসপাতালের বারান্দায় ফিরে আসছে।

এদিকে কাকটির চিকিৎসা নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অনেকেই ঘটনাটিকে প্রাণীদের বুদ্ধিমত্তা ও বেঁচে থাকার প্রবল ইচ্ছার এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ