ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​মেসির বিরুদ্ধে ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের মামলা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৩:০৪:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৩:০৪:১৯ অপরাহ্ন
​মেসির বিরুদ্ধে ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের মামলা ​ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে বাকি দুই মাসেরও কম সময়। তার আগে বিশ্বসেরা আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির বিরুদ্ধে ৭ মিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেছে মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপ।

বার্তা সংস্থা দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর একটি প্রীতি ম্যাচে অংশ না নেওয়ায় চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগ এনে গত মাসে মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে মামলাটি করা হয়।

আদালতের নথিপত্র অনুযায়ী, গত গ্রীষ্মে ভিআইডি মিউজিক গ্রুপ এএফএর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আর্জেন্টিনা জাতীয় দলের অক্টোবর মাসের দুটি প্রীতি ম্যাচ (ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে) একচেটিয়াভাবে আয়োজন ও প্রচারের অধিকার লাভ করে। চুক্তি অনুযায়ী টিকিট, সম্প্রচার ও স্পনসরশিপ থেকে আয়ের বিনিময়ে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট খেলতে হবে। তবে আঘাতপ্রাপ্ত হলে এই শর্ত প্রযোজ্য নয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১০ অক্টোবর হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জয়ের ম্যাচে মাঠে নামেননি মেসি, বরং স্টেডিয়ামের একটি ভিআইপি লাউঞ্জে বসে খেলা দেখেন।

পরদিন ১১ অক্টোবর তিনি ইন্টার মিয়ামির হয়ে এমএলএস ম্যাচে অ্যাটলান্টার বিপক্ষে দুটি গোল করেন। ওই ম্যাচটি ইন্টার মিয়ামির জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ এতে প্লে-অফের প্রথম রাউন্ডে হোম-ফিল্ড অ্যাডভান্টেজ নিশ্চিত হয়।

১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার ৬-০ গোলের জয়ের ম্যাচে অবশ্য মেসি খেলেন। ওই ম্যাচটি মূলত শিকাগোয় হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে টিকিট বিক্রি কম হওয়ায় এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসি) কর্তৃপক্ষের অভিযানের কারণে ফ্লোরিডায় স্থানান্তর করা হয়। এএফএ ফোর্ট লডারডেলের ছোট ভেন্যুতে টিকিটের দাম ২৫ ডলারে নামিয়ে দিলেও স্টেডিয়াম পূর্ণ হয়নি বলে অভিযোগ করে ইমিগ্রেশন অভিযানকে দায়ী করা হয়।

বাদীপক্ষের দাবি, মেসির অনুপস্থিতি ও কম টিকিট বিক্রির কারণে তারা মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে। যদিও মামলায় নির্দিষ্ট ক্ষতিপূরণের পরিমাণ উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে পাঠানো বার্তার তাৎক্ষণিক জবাব এখনও দেয়নি মেসি ও এএফএ।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ