ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​বিপিসির সাত শীর্ষ কর্মকর্তাকে একযোগে বদলি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০২:০৩:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০২:০৩:০৫ অপরাহ্ন
​বিপিসির সাত শীর্ষ কর্মকর্তাকে একযোগে বদলি ​ফাইল ছবি
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদল করা হয়েছে। সংস্থাটির মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পরিচালক পদমর্যাদার সাতজন শীর্ষ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক দাফতরিক আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিপিসির উপ-মহাব্যবস্থাপক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে, যমুনা অয়েলের চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে বদলি করা হয়েছে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। এই পদে কর্মরত থাকা ফেরদৌসী মাসুম হিমেল ফিরিয়ে আনা হয়েছে বিপিসির মূল কেন্দ্রে, যার নতুন দায়িত্ব মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন বিভাগ)।

এ ছাড়া বিপিসির অভ্যন্তরীণ বিভাগগুলোতেও পরিবর্তন আনা হয়েছে। মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মুহাম্মদ মোর্শেদ হোসাইন আজাদকে অর্থ বিভাগে এবং চেয়ারম্যানের দফতরে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে বাণিজ্য ও অপারেশন বিভাগে পদায়ন করা হয়েছে। মহাব্যবস্থাপক (অর্থ, চলতি দায়িত্ব) মো. জাহাঙ্গীর কবিরকে মহাব্যবস্থাপক (নিরীক্ষা, চলতি দায়িত্ব) হিসেবে নতুন দায়িত্বভার অর্পণ করা হয়েছে।

আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৯ এপ্রিল সকালের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওই দিন বিকেলেই তারা বর্তমান পদ থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ