ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​নৈতিকতা ও আইন মানে না এমন শত্রুর মুখোমুখি ইরান: বিজ্ঞানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৫:২০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৭:২৮:১১ অপরাহ্ন
​নৈতিকতা ও আইন মানে না এমন শত্রুর মুখোমুখি ইরান: বিজ্ঞানমন্ত্রী ​ছবি: সংগৃহীত
ইরান এমন এক প্রতিপক্ষের মোকাবিলা করছে, যারা নৈতিকতা, আইন কিংবা আন্তর্জাতিক নিয়ম মানে না। এমন মন্তব্য করেছেন দেশটির বিজ্ঞানমন্ত্রী হোসেইন সিমায়েই সাররাফ।

বুধবার (১৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরানের একটি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। ওই স্থাপনাটি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

হোসেইন সিমায়েই সাররাফ বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের ভেতরে নির্মিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও ঝুঁকির মধ্যে রয়েছে। ইরানের গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবনের ব্যাপক ধ্বংসচিত্র দেখা গেছে।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।

পরবর্তীতে ইরানকে সমর্থন জানিয়ে ইসরাইলে হামলা করে হিজবুল্লাহ। জবাবে ২ মার্চ থেকে লেবাননে ধ্বংসাত্মক আগ্রাসী হামলা শুরু করে ইসরাইল। 

তবে, গেল ৮ এপ্রিল সকালে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তেহরানও রাজি হয়। তবে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও লেবানন সেই চুক্তির আওতার বাইরে রয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ