ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জলকেলি উৎসবে মেতেছে পাহাড়িরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৩:০৩:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৩:০৩:২৪ অপরাহ্ন
জলকেলি উৎসবে মেতেছে পাহাড়িরা ছবি : সংগৃহীত
রাঙামাটিতে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব। বুধবার (১৫ এপ্রিল) কাপ্তাই উপজেলার চিংম্র বৌদ্ধ বিহার মাঠে এ জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবকে ঘিরে পাহাড়ি-বাঙালিসহ সব সম্প্রদায়ের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

জলকেলি উৎসবে অংশ নেওয়া মারমা তরুণ-তরুনীরা একে অপরকে জল ছিটিয়ে উল্লাসে মেতে উঠে। জল ছিটানোর মধ্য দিয়ে পুরোনো বছরের সব দুঃখ, কষ্ট, জীর্নতা ও গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করে নেন তারা।

সকাল থেকে চিংম্র বৌদ্ধ বিহার মাঠে মারমা সম্প্রদায়ের পাশাপাশি পাহাড়ি-বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে। রাঙামাটিতে এটাই ছিল এবারের প্রথম জলকেলি উৎসব। জলকেলি উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও আয়োজন করা হয়।

‎পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংহাই, চাংক্রান ও পাতা ১২ এপ্রিল শুরু হয়ে ১৪ এপ্রিল শেষ হয়। এর পরদিন ১৫ এপ্রিল থেকে তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব শুরু হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রনালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। ‎তিনি বলেন, জলকেলি উৎসব মারমা সম্প্রদায়ের একটি প্রধান উৎসব এবং এই উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে । পাশাপাশি তিনি সকল জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান জানান।

‎আগামী শুক্রবার (১৭ এপ্রিল) রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে সর্ববৃহৎ সাংগ্রাই জলকেলি উৎসবের মধ্য দিয়ে এবারের নববর্ষ উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ