ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০৬:০২:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৭:১৫:৪৪ অপরাহ্ন
​মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ​ছবি: সংগৃহীত
দেশে মাদক, জুয়া ও মানবপাচার রোধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। খুব শিগগিরই মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং দ্রুতই এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এর মাধ্যমে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে একটি বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা মোকাবিলায় কার্যকর উপায় নির্ধারণে সরকার গবেষণা চালাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মানবপাচার প্রসঙ্গে তিনি জানান, দেশের কিছু অঞ্চলে বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায় এই সমস্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। ইতোমধ্যে মানবপাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পয়েন্টগুলোতে নজরদারি বাড়িয়ে সমন্বিত অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে সে বিষয়ে তথ্য দিলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পারবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে ১০টি জেলার ১১টি উপজেলার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ১,৬৯৮ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ