ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ব্রাহ্মণবাড়িয়া

প্রকৌশলীকে লাঠি নিয়ে ধাওয়া করলেন ঠিকাদার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৮:১৩:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৮:১৩:৩৬ অপরাহ্ন
প্রকৌশলীকে লাঠি নিয়ে ধাওয়া করলেন ঠিকাদার ​ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক উপসহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।

জানা গেছে, নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীন প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। তবে কাজটির তদারকির দায়িত্ব পালন করছিলেন স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন।

অভিযোগ রয়েছে, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি সামনে আসায় সোমবার (১৩ এপ্রিল) ঢাকা থেকে এলজিইডির একটি প্রতিনিধিদল ও স্থানীয় প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন উপসহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম।

এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার লোকমান হোসেন উপস্থিত প্রতিনিধিদলের সামনেই তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম জানান, কাজের মান নিয়ে প্রশ্ন তোলার পর ঠিকাদার তাকে মারধরের চেষ্টা করেন এবং হাতে বাঁশ নিয়ে ধাওয়া করেন। এ সময় তিনি দৌঁড়ে সেখান থেকে প্রাণে বাঁচেন।

তিনি আরও বলেন, ঠিকাদার লোকমান অত্যন্ত প্রভাবশালী। মামলা করলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হতে পারে। তাই তিনি দ্রুত এখান থেকে বদলির চেষ্টা করবেন।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিষয়টি জানার পরই পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ