টাঙ্গাইলে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৪-২০২৬ ১১:১৩:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-০৪-২০২৬ ১১:১৩:৩০ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে শরীরে কেরোসিন ঢেলে নাজমা হরিজন নামে এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গত শনিবার সকালে শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকার হরিজন পল্লীতে এ ঘটনা ঘটে। রোববার (১২ এপ্রিল) রাতে ঘটনাটি জানাজানি হয়।
হরিজন কলোনির বাসিন্দারা জানান, শনিবার সকালে নাজমা হরিজনের কাছে মাদকের জন্য টাকা চান তার স্বামী বুলু হরিজন। নাজমা টাকা দিতে অস্বীকার করলে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এরই এক পর্যায়ে কেরোসিন তেল ঢেলে নাজমার শরীরে আগুন ধরিয়ে দেন বুলু। স্থানীয়রা চিৎকার শুনে নাজমাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে নাজমা মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত বুলু হরিজন পলাতক।
নাম প্রকাশ না করার শর্তে এক হরিজন জানান, আগেও মাদকের টাকার জন্য আমাদের পল্লীতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। সেটি ধামাচাপা দিয়েছিল। এ ঘটনা বুলু হরিজন যেমন অপরাধী, তার বাবাও তেমন অপরাধী। কারণ বুলুর বাবা বিষয়টি দেখার পরও এগিয়ে যাননি।
টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী জানান, আমরা ঢাকার শাহাবাগ থানার মাধ্যমে মৃত্যুর সংবাদ জানতে পারি। আমরা বলে দিয়েছি, ময়নাতদন্ত পূর্বক মরদেহটি হস্তান্তর ও আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করার জন্য। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স