পীর হত্যার ঘটনায় আসকের নিন্দা, দোষীদের শাস্তি দাবি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৪-২০২৬ ০৩:৫৯:২১ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৪-২০২৬ ০৪:০১:০৬ অপরাহ্ন
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এবং তার দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র- আসক।
সংগঠনটি বলেছে, ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত এ ধরনের সহিংসতা আইনবহির্ভূত এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল।
আসকের বিবৃতিতে বলা হয়, স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিওকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়, যা পরে সহিংসতায় রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও হামলাকারীরা দরবারে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং পীর শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
সংগঠনটি জানায়, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার রয়েছে। কোনো ব্যক্তিকে যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়া শাস্তি দেওয়ার সুযোগ নেই।
আসক আরও উল্লেখ করে, মবের মাধ্যমে ‘আইন নিজের হাতে তুলে নেওয়া’ সরাসরি আইনের শাসনের পরিপন্থী।
আসক বলেছে, সাম্প্রতিক সময়ে দেশে সুফি দরবার, মাজার ও ধর্মীয় স্থাপনাগুলোতে একাধিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা গভীর উদ্বেগজনক।
সংগঠনটির মতে, এ ধরনের ঘটনাগুলো আইনশৃঙ্খলা রক্ষায় দুর্বলতার ইঙ্গিত দেয় এবং জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।
আসক কুষ্টিয়ার ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স