প্রথম দিনের আলোচনা শেষ
হরমুজ প্রণালির দিকে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-০৪-২০২৬ ০৯:৫৪:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৪-২০২৬ ০৯:৫৫:০৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, একটি মার্কিন ডেস্ট্রয়ার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছিল যেটি ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির সম্মুখীন হয়।
এই তথ্য দ্রুত পাকিস্তানে থাকা ইরানি আলোচক দলকেও জানানো হয় বলে শনিবার (১১ এপ্রিল) রাতে বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনমতে, একই সময়ে অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যদিও ইরানের তাসনিম বার্তা সংস্থা এক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে প্রতিবেদনের এই তথ্যটি অস্বীকার করেছে।
মেরিন ট্রাফিক ও ভেসেল ফাইন্ডার এর তথ্য বিশ্লেষণ করে আমরা দেখেছি, মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস মাইকেল মারফি’ আজ দুবাইয়ের ‘জেবেল আলি’ বন্দর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালির পশ্চিম অংশের কাছাকাছি পৌঁছেছে।
মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটির গন্তব্য দেখানো হয়েছে ‘সিঙ্গাপুর’। এই মার্কিন যুদ্ধজাহাজটি এমন সময় হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে, যখন ইরান জানিয়েছে যে এ মুহূর্তে তারা মার্কিন ও ইসরায়েলি জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে না।
এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির কর্মকর্তাদের উপস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাতে ইরান “ভয়াবহভাবে হারছে”। সূত্র : বিবিসি বাংলা
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স