শিল্প নির্দেশক ও চিত্রশিল্পী তরুণ ঘোষের প্রয়াণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৪-২০২৬ ১১:২৫:১১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৯-০৪-২০২৬ ১১:২৫:১১ পূর্বাহ্ন
ফাইল ছবি
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও প্রখ্যাত চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা এন রাশেদ চৌধুরী।
পারিবারিক সূত্রে জানা গেছে, অ্যাজমা থেকে সৃষ্ট জটিলতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ৭৩ বছর বয়সী তরুণ ঘোষ। বুধবার রাত পৌনে ১২টার দিকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় এবং দ্রুত অবস্থার অবনতি হয়। তাঁকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ১৯৫৩ সালের নভেম্বরে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন এ শিল্পী। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ভারতের বরোদার এম এস বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন তিনি। ১৯৭৯ সালে রাজশাহী আর্ট কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে যোগ দেন। কলেজটি পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ হিসাবে যুক্ত হয়। ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি ভারতের বরোদায় অবস্থিত এম এস বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ফোক পেইন্টিং রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন প্রোগ্রাম’-এ কাজ করেন। ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে যোগ দিয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে ২০১২ সালে ‘কীপার’ পদ থেকে অবসর গ্রহণ করেন তরুণ ঘোষ।
মানুষের মনস্তাত্ত্বিক দিক ও এর পৌরাণিক প্রকাশ প্রাধান্য পেয়েছে তার আঁকায়। মানুষের মন ধরা থাকে চোখে, ধরা থাকে মুখের অভিব্যক্তিতে। অভিব্যক্তিপূর্ণ মুখ অমূল্য। মুখকে শিল্পরূপ দেয়ার প্রবণতা থেকে তার ক্যানভাসে, বেহুলায়, সবচেয়ে বেশি উঠে এসেছে মুখের ছবি; চেনা-অচেনা মুখ, স্বপ্নে দেখা মুখ। তরুণ ঘোষ চিত্রশিল্পী হিসেবে যেমন স্বনামধন্য, তেমনি তার উজ্জ্বল পরিচিতি রয়েছে শিল্প নির্দেশক হিসেবেও।
চিত্রকলার পাশাপাশি চলচ্চিত্রের শিল্প নির্দেশনায়ও তিনি রেখে গেছেন অনন্য অবদান। আবু সাইয়ীদের চলচ্চিত্র ‘কিত্তনখোলা’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তারেক মাসুদের ‘মাটির ময়না’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নরসুন্দর’ এবং এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’-সহ একাধিক চলচ্চিত্রে শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স