ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকাদান কর্মসূচি ১৪ দিন এগিয়ে আনা হয়েছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০২:১০:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০২:৪১:৫৫ অপরাহ্ন
হামের টিকাদান কর্মসূচি ১৪ দিন এগিয়ে আনা হয়েছে ​ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের চিহ্নিত ১৮টি ঝুঁকিপূর্ণ জেলায় হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ইতোমধ্যেই গত ৫ এপ্রিল থেকে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা ঘোষণা করেছিলাম আগামী ৩ মে থেকে সারাদেশে টিকা দেওয়া হবে। কিন্তু ইউনিসেফ থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করতে পারায় আমরা এটিকে ১৪ দিন এগিয়ে নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের ব্যর্থতা এবং অন্তর্বর্তী সরকারের সময় ক্রয় প্রক্রিয়ায় বিলম্বের কারণে সম্প্রতি ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও ঘাটতি তৈরি হয়েছিল।

তিনি বলেন, এই ঘাটতি তৈরি হয়েছে অতীতে যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে। টিকা ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা হয়নি, যার পেছনে ব্যর্থতা ও অনিয়ম দায়ী।

মন্ত্রী জানান, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার জরুরি আর্থিক ব্যবস্থা নিয়েছে। কোভিডকালীন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মহামারি তহবিলের অব্যবহৃত ৬০৪ কোটি টাকা পুনর্বিন্যাস করে হাম-রুবেলাসহ জরুরি ভ্যাকসিন ক্রয়ে ব্যবহার করা হচ্ছে।

মন্ত্রী বলেন, হাম নিয়ন্ত্রণে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে; টিকার কোনো ঘাটতি হবে না।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ