ইসলামাবাদে শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০৪-২০২৬ ১১:১৩:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৮-০৪-২০২৬ ১১:১৩:০৬ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আগামী শুক্রবার (৯ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা শুরু হবে। তেহরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে পরিচালিত হবে এ সভা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার সামরিক লক্ষ্যমাত্রা পূরণ করেছে এবং ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়ে গেছে। তিনি বলেন, ইরানের ১০ দফা প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণযোগ্য মনে করছে ওয়াশিংটন এবং বেশিরভাগ বিষয়েই দুই পক্ষ একমত হয়েছে। তবে যুদ্ধবিরতির শর্ত হিসেবে ট্রাম্প হরমুজ প্রণালী সম্পূর্ণ ও নিরাপদভাবে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিশ্চিত করেছেন, ইরানের ওপর হামলা বন্ধ হলে তাদের সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষামূলক অভিযান স্থগিত রাখবে। তিনি জানান, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল সম্ভব হবে, তবে তার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, লেবানন সহ সকল যুদ্ধেক্ষেত্রে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিনি উভয় পক্ষকে ১০ এপ্রিল ইসলামাবাদে আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
ইরানের ১০ দফা প্রস্তাবে রয়েছে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুদ্ধবাহিনী প্রত্যাহার, মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান বন্ধ, যুদ্ধক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করা।
তবে আলোচনায় বসলেও ইরান যে যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বিশ্বাস করছে না, তা স্পষ্ট করে দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। তারা সতর্ক করে দিয়েছে, শত্রুপক্ষ সামান্যতম ভুল করলেও ইরান পূর্ণশক্তিতে জবাব দিতে প্রস্তুত। এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স