ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​এবার গাড়ির ড্যাশবোর্ডে চ্যাটজিপিটি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৬:৪২:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৬:৪৪:৩৩ অপরাহ্ন
​এবার গাড়ির ড্যাশবোর্ডে চ্যাটজিপিটি ​ছবি: সংগৃহীত
গাড়ি চালানোর অভিজ্ঞতাকে আরও স্মার্ট করতে অ্যাপলের ইনফোটেইনমেন্ট প্ল্যাটফর্ম কারপ্লেতে যুক্ত হয়েছে চ্যাটজিপিটি। এখন থেকে গাড়ির ড্যাশবোর্ড থেকেই ভয়েস কমান্ডে সরাসরি এআইয়ের সঙ্গে কথা বলা যাবে।

সম্প্রতি অ্যাপলের নতুন সফটওয়্যার আপডেট আইওএস ২৬.৪ প্রকাশের মাধ্যমে প্রথমবারের মতো কারপ্লেতে তৃতীয় পক্ষের ভয়েস-নির্ভর অ্যাপ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়েই প্ল্যাটফর্মে প্রবেশ করেছে চ্যাটজিপিটি।

যেভাবে কাজ করবে
কারপ্লেতে চ্যাটজিপিটি সম্পূর্ণ ভয়েসনির্ভর। ব্যবহারকারী প্রশ্ন করলে এআই কথায় উত্তর দেবে। চালকের মনোযোগ যাতে বিঘ্নিত না হয়, সে কারণে স্ক্রিনে কোনো লেখা বা ছবি দেখানো হবে না। অ্যাপলের ডেভেলপার নির্দেশিকাতেও ভয়েসকেই প্রধান মাধ্যম হিসেবে নির্ধারণ করা হয়েছে।

যা যা সুবিধা পাবেন
স্মার্টফোনের ভয়েস মোডের মতো কাজ করবে এই ফিচার। প্রশ্ন করলে তাৎক্ষণিক উত্তর পাওয়া যাবে। কথোপকথন শেষ করতে এন্ড বাটন, মিউট ও আনমিউটের অপশন থাকবে। চাইলে আগের কথোপকথনের ইতিহাসও দেখা যাবে।

সীমাবদ্ধতা
বর্তমান সংস্করণে চ্যাটজিপিটি গাড়ির প্রযুক্তিগত ফাংশন বা আইফোনের সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবে না। এটি মূলত তথ্যভিত্তিক প্রশ্নোত্তর সহকারী হিসেবেই কাজ করবে। এ ছাড়া কোনো ‘ওয়েক ওয়ার্ড’ নেই, তাই কারপ্লে স্ক্রিনে চ্যাটজিপিটি আইকনে ট্যাপ করেই কথোপকথন শুরু করতে হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই আপডেট চালকদের হাত ব্যবহার না করেই দ্রুত তথ্য পাওয়ার সুযোগ দেবে এবং স্মার্ট ড্রাইভিং প্রযুক্তির বিকাশে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ