বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চাইমং ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে বিনিময় তঞ্চগ্যার বাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দুটি বাঁশ ও কাঠের তৈরি কাঁচা ঘর এবং দুটি সেমি পাকা ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন