ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​করোনা ভ্যাকসিন ক্রয়ে ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০২:০৮:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০২:৩৩:৩৭ অপরাহ্ন
​করোনা ভ্যাকসিন ক্রয়ে ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী ​ছবি: সংগৃহীত
দেশে করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিন কেনায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী জানান, করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিনসহ বিভিন্ন সরঞ্জাম আমদানি ও কেনাকাটার জন্য ২০২০-২১ অর্থবছর থেকে মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে এখন পর্যন্ত ভ্যাকসিন কেনাতেই ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা।

ভ্যাকসিন কার্যক্রমের অন্যান্য খাতেও উল্লেখযোগ্য ব্যয়ের তথ্য তুলে ধরেন তিনি। সিরিঞ্জ কেনায় খরচ হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া ভ্যাকসিন পরিবহন বাবদ ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা এবং সিরিঞ্জ শিপিং ও চার্জ হিসেবে ব্যয় হয়েছে প্রায় ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা।

ভ্যাকসিন আমদানিতে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ পর্যন্ত এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তবে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশ দ্রুত করোনা পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে পেরেছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ