প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বর্তমানে সরকার জ্বালানিতে ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে এপ্রিল মাসে দাম না বাড়লেও, পরবর্তীতে জ্বালানির মূল্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এপ্রিল মাসে জ্বালানির দাম বাড়ছে না। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে দাম বাড়তে পারে।’
তিনি জানান, জ্বালানি ব্যবস্থাপনা স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে একটি ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে কে কতটুকু জ্বালানি নিচ্ছে বা পাচ্ছে, সেই তথ্য সংরক্ষণ করা হবে। আজ থেকেই এর পাইলট প্রকল্প শুরু হচ্ছে।’ উপদেষ্টা বলেন, ‘সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। এর মধ্যে আন্তর্জাতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই বাস্তবতায় সবাইকে কিছুটা ছাড় দিয়ে চলতে হবে।’
জ্বালানি সরবরাহ নিয়ে তিনি বলেন, ‘দেশে পেট্রোল বা অকটেনের ঘাটতি নেই; তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছু সমস্যা দেখা দিয়েছে। এ সুযোগে কেউ কেউ অবৈধ মজুত ও পাচারের মতো কর্মকাণ্ডে জড়াচ্ছে, যার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।’ এছাড়া পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। অটোরিকশা নিয়ন্ত্রণ, গণপরিবহনে জিপিএস চালু, এসি বাসের ভাড়া নির্ধারণ এবং সড়কে ইউ-টার্নসহ বিভিন্ন অনিয়ম দূরীকরণে কাজ চলছে বলে জানান। নৌপরিবহন ব্যবস্থাও ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়েছে, যাতে সময়সূচি ও ব্যবস্থাপনা আরও কার্যকর হয়।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, ‘আগের সরকারের অব্যবস্থাপনার কারণে হামের টিকার সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় আগামী ৩ মে থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে।’ এদিকে, কৃষিখাতে সহায়তার অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ কার্যক্রম পহেলা বৈশাখে টাঙ্গাইল স্টেডিয়ামে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পে ১ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে ১ কোটি ৫০ লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। পাশাপাশি আগামী ৩০ জুন ‘‘নতুন কুঁড়ি ট্যালেন্ট হান্ট’’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন