মেয়েকে ধর্ষণের পর গর্ভপাত, বাবা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৪-২০২৬ ০৫:৫৩:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৪-২০২৬ ০৫:৫৩:০৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভোলার দৌলতখান উপজেলায় নিজের কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর মামলা অভিযুক্ত বাবা মো. ইউসুফকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) ভোরে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইউসুফ তার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে প্রায় ৪ মাস ধরে ধর্ষণ করেছে। এতে ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানির ভয়ে অভিযুক্ত ইউসুফ তার অপরাধ গোপনের উদ্দেশ্যে মেয়েকে জোরপূর্বক ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান।
এরপরও বিষয়টি জানাজানি হওয়ায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ভোলার দৌলতখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ধর্ষণের নানা আলামত ও গর্ভপাত ঘটানো শিশুটির মরদেহ বাড়ির আঙিনা থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ইউসুফকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ ঘটনার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারী পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে পুলিশ তার পাশে রয়েছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স