ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চার জেলায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ১২:৫৫:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৩:১১:৫২ অপরাহ্ন
চার জেলায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ফাইল ছবি
দেশের চার জেলায় হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহে এসব মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানে তথ্য নিচে তুলে ধরা হলো:

কুষ্টিয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার ভাদালিয়া এলাকার এই শিশুটি আট দিন ধরে চিকিৎসাধীন ছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিলেও আর্থিক সংকটে পরিবার তা পারেনি। অবশেষে শুক্রবার ভোরে শিশুটি মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে মাসুদা খাতুন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান, শিশুটি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতে নমুনা পরীক্ষা করা হবে। বর্তমানে জেলায় মোট আক্রান্ত ৩৪৯ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জন ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। চিকিৎসকদের মতে, জেলায় হাম পরিস্থিতির বর্তমানে কিছুটা উন্নতি হচ্ছে।

ময়মনসিংহ: ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে। ময়মনসিংহের স্থানীয় চিকিৎসকেরা জানিয়েছেন, সময়মতো টিকা না নেওয়া এবং অসচেতনতার কারণে অনেক সময় গ্রামীণ এলাকার শিশুরা এ ধরনের রোগে বেশি ঝুঁকিতে পড়ে।

টাঙ্গাইল: টাঙ্গাইলে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও  বেশ কিছু শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশেরই নিয়মিত টিকা নেয়া ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে এবং অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে। শিশুদের জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার কথা বলেছেন চিকিৎসকরা।

এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় টিকা দেয়া হবে। টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ