তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আবহাওয়া অফিসের সতর্কবার্তা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০২-০৪-২০২৬ ০৮:৪৩:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৪-২০২৬ ০৮:৪৩:৩৭ অপরাহ্ন
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। ছবি : সংগৃহীত
চলতি এপ্রিল মাসে দেশে তাপপ্রবাহ, কালবৈশাখি ও সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মাসজুড়ে আবহাওয়ায় অস্থিরতা থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এপ্রিলজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের শিলাবৃষ্টি হতে পারে। একই সঙ্গে অন্তত ৩ দিন তীব্র কালবৈশাখি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
তাপমাত্রার দিক থেকেও সতর্কতা রয়েছে। এ মাসে ২ থেকে ৪টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। পাশাপাশি ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
তবে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া মাসজুড়ে দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স