ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ঈদুল আজহায় নৌপথে যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুতির নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৫:০১:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৭:৪৪:১০ অপরাহ্ন
​ঈদুল আজহায় নৌপথে যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুতির নির্দেশ ​ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনকে (বিআইডব্লিউটিসি) এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

মঙ্গলবার (৩১ মার্চ) বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

মতবিনিময় সভায় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিআইডব্লিউটিসি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। তাই সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তিনি প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে চলার পাশাপাশি দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন তিনি।

কোনো রকম অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলেও এ সময় মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
একই সঙ্গে ফেরিঘাটের সংযোগ সড়কের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিআইডব্লিউটিসিকে আরো কার্যকর ও গতিশীল হতে হবে। ফেরিতে যাত্রী পারাপারের সময় যাত্রী সেবার মান উন্নয়ন করতে হবে। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় বিদ্যমান অসংগতি দূর করার ওপর জোর দেন এবং ফেরি ব্যবস্থাপনাকে আধুনিক ও উন্নত করার নির্দেশনা দেন।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী দুজনেই বিআইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ