ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-০৩-২০২৬ ০১:৫৩:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৩-২০২৬ ০১:৫৩:১৪ অপরাহ্ন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)সহ দেশের পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে একটি মেডিকেল কলেজে উপাধ্যক্ষ নিয়োগের কথাও উল্লেখ রয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান, যিনি এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আঈনুল ইসলাম খান। তিনিও অধিদপ্তরে ওএসডি হিসেবে দায়িত্বে ছিলেন।
অন্যদিকে নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন।
একইসঙ্গে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির অ্যানেস্থেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. রেহান উদ্দিন খান। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স